জামালপুরের ইসলামপুরে ব্যাটারিচালিত অটোরিকশার চার্জারের পিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঞ্চন মিয়া (৩৫) নামে এক অটোরিকশাচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিনাডুলি ইউনিয়নের বলিয়াদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাঞ্চন মিয়া ওই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো কাঞ্চন মিয়া নিজ বাড়িতে তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি চার্জে দিয়েছিলেন। সকালে চার্জার থেকে পিন খুলতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অটোরিকশার চার্জিং পিন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কাঞ্চন মিয়ার আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। একই সঙ্গে এলাকায়ও শোকের ছায়া বিরাজ করছে।
পড়ুন : সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার: স্থগিতের দাবি বিজিএমইএ-বিকেএমইএর
সা/


