‘যেই ক্ষমতায় যায়, সেই হাসিনা হতে চায়। ক্ষমতায় গেলেই মানুষের মধ্যে একটা হাসিনা হওয়ার খায়েস জেগে ওঠে’—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামের সামনে বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আল্লামা মামুনুল হক বলেন, ‘সব ক্ষমতা এক প্রধানমন্ত্রীর কাছে কুক্ষিগত। রাষ্ট্রপতির কাছে কোনো ক্ষমতা নেই, উনি একজন পুতুল। প্রধান বিচারপতির কাছেও কোনো ক্ষমতা নেই, উনিও প্রধানমন্ত্রীর চাকরি করেন। সারা বাংলাদেশের সব ক্ষমতা নিয়ে প্রধানমন্ত্রীর পায়ের নিচে ফেলে রাখা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এমন ক্ষমতা যদি একটা কাঠের পুতুলকে দেওয়া হয়, দুই বছর পর সেও একটা হাসিনা হবে। এই জন্যই বাংলাদেশের ক্ষমতার মসনদে যেই যায়, সেই হাসিনা হয়ে যায়। আমরা চাই না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক জিয়া নতুন করে শেখ হাসিনায় পরিণত হোক।’
বাংলাদেশ খেলাফত মজলিস শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা সাব্বির আহমেদ উসমানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দবির হোসেন শেখের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমেদ হানজালা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজর রহমান হেলাল এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মুফতি নুর হোসেন নূরানী।
এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ আব্দুর রব হাসেমী, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়ায় কিল-ঘুষিতে যুবক নিহত


