হরমুজে ফের দুই মার্কিন সামরিক নৌযানে হামলা করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশারি গার্ড কোর (আইআরজিসি)। গত ৭ দিনে এই নিয়ে ৩ বার হরমুজ প্রণালিতে মার্কিন সামরিক নৌযানে হামলা করল আইআরজিসি।
গতকাল বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, “হরমুজ প্রণালির ওমান উপকূলের কাছে দু’টি চালকবিহীন মার্কিন সামরিক নৌযানে হামলা করা হয়েছে। নৌযান দু’টি মার্কিন বাহিনীর সামুদ্রিক ড্রোন ছিল বলে ধারণা করা হচ্ছে।’
পৃথক এক বিবৃতিতে যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক জাহাজ চলাচল ট্র্যাকিং সংস্থা ইউনাইটেড কিংডম মেরিটাইম অপারেশন সেন্টার (ইউএকএমটিও) জানিয়েছে, বৃহস্পতিবার গ্রিনিচ সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ১০ মিনিট) হরমুজে দু’টি মার্কিন নৌযানে অন্তত ৪টি ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন আঘাত হেনেছে। এতে একটি নৌযানে আগুন ধরে গিয়েছে। অপরটির কী অবস্থা, তা এখনও জানা যায়নি।
ইউকেএমটিও’র বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালির যে এলাকায় হামলা হয়েছে, সেখান থেকে ওমানের মুসান্দাম প্রদেশের রাজধানী আল খাসাবের উপকূলের দূরত্ব ৭ দশমিক ৪ কিলোমিটার।
সূত্র : আলজাজিরা, আনাদোলু এজেন্সি
পড়ুন : রয়টার্সের প্রতিবেদন: ইরানের সহায়তায় ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী দখল হুতিদের


