বিজ্ঞাপন

চট্টগ্রামে এনসিপি নেতাকে কুপিয়ে জখম, থানায় মামলা

বিজ্ঞাপন

চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগে মামলা হয়েছে। মামলায় ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৭টার মধ্যে উপজেলার চাতরী ইউনিয়নের চাতরী চৌমুহনী এলাকার হাজী আবুল হোসেন মার্কেটে মো. শাকিলের দোকানের সামনে এ হামলার ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে বেআইনি জনতাবদ্ধ হয়ে আসামিরা দেলোয়ার হোসেনের ওপর হামলা চালান। এ সময় তাঁকে কুপিয়ে ও মারধর করে গুরুতর রক্তাক্ত জখম করা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত ও হাড়ভাঙার মতো জখম হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এ সময় দেলোয়ার হোসেনের সঙ্গে থাকা ব্যক্তিদেরও মারধর করা হয়। তাঁদের কাছ থেকে ৪ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেওয়া এবং ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে মামলায়।

আদালতের আদেশ পাওয়ার পর বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) আনোয়ারা থানায় মামলা নম্বর ১৮ হিসেবে মামলাটি রুজু করা হয়।

মামলায় আসামি করা হয়েছে মো. রুবেল, আজম খান, মো. জুয়েল, মো. আকিব, মো. মিজান, মো. আবির হেলাল, মো. ইকবাল, মো. দিদার, মো. সেকান্দর, মো. সাকিব, মো. মোরশেদ, মো. মুহিম ও দেলোয়ার হোসেনকে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।

মামলার বাদী দেলোয়ার হোসেনের দাবি, আসামিদের মধ্যে আজম খান ও রুবেল বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। অপরদিকে পঞ্চম আসামি মো. মিজান আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের নেতা এবং তিনি আনোয়ারা উপজেলা যুবলীগের সভাপতি শওকত ওসমানের অনুসারী।

দেলোয়ার হোসেন বলেন, হামলায় তিনি ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিরা গুরুতর আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি অভিযোগ করেন, আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। ঘটনার পরও তাঁদের বিভিন্নভাবে আবার হামলার হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করে তিনি বলেন, এতে তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ছত্রছায়ায় চাতরী চৌমুহনী বাজারে আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। একই ব্যক্তিদের বিরুদ্ধে এর আগে চাতরী চৌমুহনী বাজারের হাজী এ. আলী শপিং কমপ্লেক্স দখলের চেষ্টাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের ওপর হামলার অভিযোগও ওঠে। ওই ঘটনায় কয়েকজন ব্যবসায়ী আহত হন এবং পরে ব্যবসায়ীদের পক্ষ থেকে আনোয়ারা থানায় মামলা করা হয়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

পড়ুন : রাজবাড়ীর পদ্মা ব্যারেজ এলাকা পরিদর্শন করলেন পানি সম্পদ মন্ত্রী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন