বাংলাদেশ হরিনাম সংকীর্ত্তন সোসাইটি : বৃহত্তর দিনাজপুর জোনের বার্ষিক সাধারণ সভা

0
4
বিজ্ঞাপন

বাংলাদেশ হরিনাম সংকীর্ত্তন সোসাইটি বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড়) জোন এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) দিনাজপুর শহরের রায়সাহেববাড়ী শ্রীশ্রী বাবা লোকনাথ কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে দুই পর্বে এই সভার আয়োজন করা হয়।

পবিত্র গীতা পাঠের মধ্যদিয়ে সভার কার্যক্রম শুরু হয়। উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বখতিয়ার আহমেদ কচি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কোনো ধর্মই মানুষের অকল্যাণ চায় না এবং ধর্ম কখনো বিভেদ সৃষ্টি করে না। সব ধর্মই মানবকল্যাণের কথা বলে। আর মানবতা না থাকলে সেখানে ধর্মের অস্তিত্ব থাকে না। তিনি আরও উল্লেখ করেন, হরিনাম সংকীর্ত্তন সোসাইটির সদস্যরা কীর্ত্তন পরিবেশনের মাধ্যমে ভক্তদের মাঝে সৃষ্টিকর্তার বাণী প্রচারের পাশাপাশি মানুষের অন্তরকে পবিত্র করার কাজ করে যাচ্ছেন।”

হরিনাম সংকীর্ত্তন সোসাইটির প্রবীন সদস্য গিরিশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সংগঠনের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সাংবাদিক চিত্ত ঘোষ এর সঞ্চালনায় সভায় সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিমল চক্রবর্তী তপন, মানবেন্দ্র নাথ দাস মনোজ, বৃহত্তর বাউল সংস্কৃতি পরিষদের সভাপতি মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য দেন বৃহত্তর দিনাজপুর জোনের সভাপতি সাগর দাস।

সাধারণ সভার দ্বিতীয় পর্বে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংগঠনের সভাপতি সাগর দাস। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, সংগঠনটির যুক্ত দলের সংখ্যা পূর্বে ৯৬টি থাকলেও বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ১৪৯ টিতে উন্নীত হয়েছে। পাশাপাশি সাংগঠনিক কাজের সুবিধার জন্য চুক্তিপত্রের নতুন ফরম্যাট তৈরি করা হয়েছে। একই সঙ্গে তিনি সংগঠনের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পেশ করেন। হিসাব অনুযায়ী, সংগঠনের পূর্বের জের- ২৯,২৪০ টাকা এবং ১১ সেপ্টেম্বর পর্যন্ত আয়- ৫২,৩৫০ টাকাসহ সর্বমোট আয়- ৮১,৫৯০ টাকা। অন্যদিকে কেন্দ্রীয় কমিটির চাঁদা পরিশোধ, ফরম ও আইডি কার্ড তৈরি, নবায়ন ফি রশিদ তৈরি এবং সাধারণ সভার আয়োজন ও আপ্যায়ন খরচসহ মোট ব্যয় হয়েছে ৬১,০৬০ টাকা। বর্তমানে উদ্বৃত্ত ২০,৫৩০ টাকা। যা সংগঠনের কোষাধ্যক্ষ সুবল সরকারের কাছে গচ্ছিত রয়েছে। পেশকৃত প্রতিবেদনের উপর সদস্যদের বিস্তারিত আলোচনা শেষে তা সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।

এছাড়া সোসাইটির বার্ষিক সাধারণ সভা-১৪৩৩ এর সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে বিদ্যমান ২৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ পুনর্গঠন করে ২৮ সদস্য বিশিষ্ট এবং ৮ সদস্যের উপদেষ্টা পরিষদকে ১৫ সদস্য বিশিষ্ট করা হয়।

সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা বিপ্লব কুন্ডু ও রবীন্দ্রনাথ রায়, ঠাকুরগাঁও গৌরগোবিন্দ সম্প্রদায়ের নীপেন বসাক, নীলফামারী জোনের নবগোপাল সম্প্রদায়ের পরিচালক তুলেন, বীরগঞ্জ রাধাগোবিন্দর সম্প্রদায়ের সুমন চন্দ্র সরকার, বোচাগঞ্জ ললিতা সখি সম্প্রদায়ের ভীম রায়, মানিক চন্দ্র সরকার, মদন চন্দ্র মহন্ত, কমল রায়, নিতাই রায় প্রমুখ।

সভায় আর কোন আলাচনার বিষয় না থাকায় সভাপতি উপস্থিত সকল সদস্যদের ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, বাংলাদেশ হরিনাম সংকীর্ত্তন সোসাইটি বৃহত্তর দিনাজপুর (দিনাজপুর-ঠাকুরগাঁও-পঞ্চগড়) জোন এর মেয়াদকাল ত্রি-বার্ষিক উত্তর (২০২৬-২০২৭-২০২৮) হিসেবে ১ জানুয়ারী ২০২৬ হতে ৩১ ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত কার্যকর থাকবে।

পড়ুন : ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনে ৩ ড্রেজার ও ২ হাজার ফুট পাইপ বিনষ্ট

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.