চট্টগ্রামের পটিয়ায় একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাটিখাইন ইউনিয়নের পটিয়া বাইপাস সড়কের করল এলাকার পাশের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের আনুমানিক বয়স ৪২ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে স্থানীয় লোকজন ডোবার মধ্যে ভাসমান অবস্থায় একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে গাউছিয়া মানবিক সেবা, পটিয়া উপজেলা শাখার সচিব মাওলানা মোহাম্মদ ইছহাক আল কাদেরী ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে জানান। পরে পটিয়া থানার এসআই মো. ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ জানায়, মরদেহটির পরনে থাকা পোশাক ও অন্যান্য আলামতের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক জানান, অজ্ঞাতনামা মরদেহটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পড়ুন : সাব-রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হচ্ছে: আইনমন্ত্রী
সা/


