মেহেরপুরের মুজিবনগরে খোয়া ভাঙার মেশিন উল্টে লিখন হোসেন (২৭) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার বল্লভপুর গ্রামের করাতকল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় লিখন হোসেনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নিহত লিখন হোসেন মুজিবনগর উপজেলার দারিয়াপুর ইউনিয়নের খানপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার সকালে মুজিবনগর উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সমিতির কার্যালয় থেকে খোয়া ভাঙার একটি মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক আনন্দবাস গ্রামের উদ্দেশে রওনা হন। পথে বল্লভপুর গ্রামের করাতকল এলাকায় পৌঁছালে মেশিনটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মেশিনটি উল্টে গেলে লিখন হোসেন সেটির নিচে চাপা পড়েন।
খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তাদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে লিখন হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পড়ুন : ইলিশ বাণিজ্যে নতুন সমীকরণ: গুজরাটের ইলিশ বাংলাদেশে, পদ্মার ইশিশ চায় ভারত
সা/


