‘তরুণ প্রজন্মই বাংলাদেশের ভবিষ্যৎ’ উল্লেখ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবীন শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করে মেধা, দক্ষতা ও জ্ঞানকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপি।
বুধবার (১৬ সেপ্টেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনসংলগ্ন মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ২১তম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় ২ হাজার ১০০ জন নিবন্ধিত নবীন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়। পরে বিকেলে কনসার্টের আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শুধু পাঠ্যবিষয় আত্মস্থ করার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবমুখী দক্ষতা অর্জন, উদ্ভাবন ও কর্মসংস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। বর্তমান বিশ্বে কারিগরি শিক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), রোবটিক্স, ন্যানোটেকনোলজি ও আধুনিক প্রযুক্তিনির্ভর দক্ষতার গুরুত্ব ক্রমেই বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্পপ্রতিষ্ঠানের কার্যকর সংযোগ গড়ে তুলে শিক্ষার্থীদের শিক্ষা ও কর্মজীবনের প্রস্তুতি একই সঙ্গে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী দেশের গুরুত্বপূর্ণ মানবসম্পদ। যথাযথ শিক্ষা ও দক্ষতায় গড়ে তুলতে পারলে তরুণরা দেশের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি বৈশ্বিক পর্যায়েও নিজেদের সক্ষমতা তুলে ধরতে পারবে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ভবিষ্যৎ নিজেদেরই গড়ে তুলতে হবে। শৃঙ্খলা, দেশপ্রেম, মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে প্রস্তুত করতে হবে। একই সঙ্গে খেলাধুলা, বিতর্ক, সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে বহুমাত্রিক দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মেহেদী হাসান হিমেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন, ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মোফাজ্জল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব।
অনুষ্ঠানে বক্তব্য দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক গোলাম মাওলা শাহীন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়াউদ্দিন বাসেত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সুমন সর্দার, মোস্তাফিজুর রহমান রুমি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য অনিসুর রহমান তালুকদার খোকন বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট কাজে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল সব সময় পাশে থাকবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ রইছ উদ্দীন বলেন, আগামী দিনের বাংলাদেশ নবীন শিক্ষার্থীদের হাতেই গড়ে উঠবে। তিনি শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণের আহ্বান জানান। দেশের স্বার্থকে সর্বাগ্রে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি ‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ’ স্লোগানের কথা উল্লেখ করেন।
উপাচার্য আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে বর্তমান সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন বলেও জানান তিনি। এসব উদ্যোগ নিয়ে ‘ক্রেডিট রাজনীতি’ না করার আহ্বান জানান তিনি।
ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিষ্ঠার সঙ্গে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম জড়িত। তাঁর সততা, দেশপ্রেম, দূরদর্শিতা ও ব্যক্তিত্ব সংগঠনের জন্য আদর্শ বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি বেগম খালেদা জিয়ার নেতৃত্ব ও তারেক রহমানের সাংগঠনিক ভূমিকার কথাও তুলে ধরেন ট্রেজারার।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে জ্ঞান, দক্ষতা ও নেতৃত্ব বিকাশের সুযোগ হিসেবে কাজে লাগানোর আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষাজীবনের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং দেশ ও সমাজের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব শামছুল আরেফিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও উৎসাহ দিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পড়ুন : ধামরাইয়ে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার এক


