ময়মনসিংহের ত্রিশালে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি ও বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। ত্রিশাল থানা, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ময়মনসিংহগামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব, ১৫-৪৯৪২) প্রথমে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মাহিন্দ্রকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। পরে মাহিন্দ্রটি একটি সিএনজিচালিত অটোরিকশাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। কিছুদূর এগিয়ে বাসটি প্যাসিফিক আইডিয়াল হাইস্কুলের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর এলাকাবাসী সিএনজির দুই যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন—ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নের রুদ্রগ্রামের মুন্সিবাড়ি এলাকার নুরুল ইসলামের ছেলে বজলুর রহমান ডালিম (৩৬) এবং একই ইউনিয়নের কাজীর শিমলা খানবাড়ি এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রাইতুল হাসান খান (৪০)।
সিএনজির অপর চার যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত চারজনের মধ্যে দুইজন নারী, একজন শিশু ও একজন পুরুষ রয়েছেন।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহনগুলো থানা পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনার পর ইউনাইটেড পরিবহনের চালক পলাতক রয়েছেন। গুরুতর আহত চারজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত দুজনের মরদেহ ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন: ট্রেনে নারী কোচ: খসড়া আইনে স্থান-সংখ্যা অস্পষ্ট, বাস্তবায়ন নিয়ে সংশয়
আর/


