সিরাজগঞ্জের কামারখন্দে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকে ঢাকাগামী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের তালুকদার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ গ্রামের মো. আসলাম (৩৯) দিনাজপুর সদর উপজেলার গুড়গোলা প্রাণনাথপুর এলাকার মো. আপন ইসলাম (২৫)।
শনিবার দুপুরে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মহাসড়কের পাশে একটি বিকল ট্রাক দাঁড় করিয়ে মেরামতের কাজ করছিলেন ট্রাকের চালক ও সংশ্লিষ্টরা। এ সময় ঢাকাগামী আলিশা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে এসে তাদের ধাক্কা দেয়।
এতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালটির মর্গে রাখা হয়েছে। অভিযুক্ত আলিশা পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।
পড়ুন:নীলফামারীতে ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে দলিল লেখক সমিতির সমাবেশ
ইমি/


