দীর্ঘ ১৩ বছর আইনি লড়াইয়ের পর পৈতৃক সম্পত্তির দখল ফিরে পেয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার মোখলেছ মিয়া। আদালতের রায়ের পর শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে জারি কার্যক্রমের মাধ্যমে ৬২ শতাংশ জমির দখল বুঝিয়ে দেওয়া হয় তাঁকে।
জানা গেছে, উপজেলার চরপুটিমারী ইউনিয়নের কিসমত গোবিন্দী মৌজার ১৫৫৮ নম্বর দাগে ৬২ শতাংশ পৈতৃক জমি নিয়ে মোখলেছ মিয়ার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনায় তিনি আদালতে মামলা করেন। দীর্ঘদিন মামলাটি চলার পর গত ১৭ সেপ্টেম্বর আদালত মোখলেছ মিয়ার পক্ষে রায় দেন।
আদালতের রায়ের পর শনিবার দুপুরে সংশ্লিষ্ট জারিকারক সরেজমিনে গিয়ে উচ্ছেদ মামলার রায় বাস্তবায়ন করেন। এ সময় মোখলেছ মিয়াকে বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দেওয়া হয়।
দীর্ঘদিন পর পৈতৃক সম্পত্তির দখল ফিরে পেয়ে মোখলেছ মিয়া বলেন, “দীর্ঘ ১৩ বছর ধরে আইনি লড়াই করেছি। আদালতের রায়ের মাধ্যমে অবশেষে আমার পৈতৃক জমির দখল ফিরে পেয়েছি। এতে আমি স্বস্তি পেয়েছি।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে বিরোধ চলছিল। আদালতের রায়ের মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
পড়ুন : কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে রূপগঞ্জে যুবদলের বিক্ষোভ


