পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের মা ও মেয়ে রয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন গলাচিপা উপজেলার কাইয়ুম মিয়া (৫০), পিতা রাজ্জাক প্যাদা; শিল্পী রানী (৪০), পিতা অনিল মিস্ত্রী; তিথি রানী (২৩), পিতা বীরেন মিস্ত্রী এবং মিরাজ (২৩)। নিহত শিল্পী রানী ও তিথি রানী সম্পর্কে মা-মেয়ে। চারজনই গলাচিপা উপজেলার বাসিন্দা।
স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে পটুয়াখালী শহর থেকে যাত্রী নিয়ে গলাচিপা উপজেলার হরিদেবপুরের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত অটোরিকশা। দলুগাজীর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তালতলী থেকে ঢাকাগামী ইমরান পরিবহনের বাসটির সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের চাপায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশায় থাকা চার যাত্রী গুরুতর আহত হন এবং পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। তারা দুর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে হতাহতদের উদ্ধার করেন। গুরুতর আহতদের পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। পরে দুর্ঘটনাকবলিত বাস ও অটোরিকশা সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পড়ুন : রাজধানীর মিরপুরে ও বাড্ডায় বাসে আগুন
সা/


