দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩০৫ জনের শরীরে রোগটি শনাক্ত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে হামের উপসর্গে ২ জন করে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে হামের উপসর্গে একজন করে আরও ২ জনের প্রাণহানি হয়েছে। সবমিলিয়ে দেশজুড়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০১ জন ও হামের উপসর্গ নিয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে।
এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের সন্দেহজনক হাম (হামের উপসর্গ) শনাক্ত হয়েছে। সেই সঙ্গে এই সময়ে মোট ২০ হাজার ৬৪৬ জনের হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত মোট ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
হামের প্রধান লক্ষণগুলো
হাম আক্রান্ত হলে শুরুতেই শরীরে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য লক্ষণগুলো হলো—
তীব্র জ্বর: হাম শুরু হওয়ার পর আক্রান্ত ব্যক্তির শরীরে তীব্র জ্বর দেখা দেয়। অনেক সময় এই জ্বর ১০৩ থেকে ১০৪ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে।
সর্দি ও কাশি: অনবরত নাক দিয়ে পানি পড়া, হাঁচি এবং তীব্র শুকনো কাশি হামের প্রাথমিক উপসর্গগুলোর অন্যতম।
চোখের সমস্যা: আক্রান্ত ব্যক্তির চোখ লাল হয়ে যেতে পারে। একই সঙ্গে চোখ দিয়ে অনবরত পানি পড়া এবং আলোয় তাকালে চোখে অস্বস্তি বা ব্যথা অনুভূত হতে পারে।
মুখের ভেতর সাদা দাগ: জ্বর শুরুর দুই থেকে তিন দিনের মধ্যে গালের ভেতরের অংশ বা মাড়ির পাশে ছোট ছোট লবণের দানার মতো সাদাটে দাগ দেখা দিতে পারে। এগুলোকে কপলিক স্পট বলা হয়।
লালচে ফুসকুড়ি বা র্যাশ: হামের সবচেয়ে প্রধান লক্ষণগুলোর একটি হলো শরীরে লালচে ফুসকুড়ি দেখা দেওয়া। সাধারণত জ্বর হওয়ার ৩ থেকে ৫ দিন পর কানের পেছন ও মুখমণ্ডলে লাল দানাদার ফুসকুড়ি দেখা দেয়। পরে তা ঘাড়, বুক, পিঠ, হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়তে পারে।
শারীরিক দুর্বলতা ও অরুচি: হাম হলে শরীর প্রচণ্ড দুর্বল হয়ে পড়তে পারে। মাংসপেশিতে ব্যথার পাশাপাশি খাবারের প্রতি তীব্র অরুচিও দেখা দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে এর সঙ্গে পাতলা পায়খানা বা বমিও হতে পারে।
পড়ুন : হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু


