নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ৪০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মো. জাকির হোসেন মৃদুল (২১) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরের দিকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।
আটক জাকির হোসেন মৃদুল জেলার কলমাকান্দা উপজেলার বামনগাঁও গ্রামের গিয়াস উদ্দিন ও মোছা. তাসলিমা খাতুন দম্পতির ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (রবিবার দিবাগত) রাত সোয়া ১২টার দিকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. সেন্টু মিয়ার নেতৃত্বে একটি দল চেকপোস্ট ডিউটি করছিল। এ সময় ঢাকাগামী ‘ক্রাউন ডিলাক্স’ নামের যাত্রীবাহী পরিবহন তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশিকালে বাসটির ভেতর থেকে ৪০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ‘ফেনসিডিল’ উদ্ধার করা হয় এবং এর সাথে জড়িত থাকার অভিযোগে জাকির হোসেনকে আটক করা হয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আজ (সোমবার) দুপুরের দিকে তাকে নেত্রকোনা জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।
পড়ুন : টাঙ্গাইলে ব্রীজের নির্মাণ কাজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই


