চট্টগ্রামের আনোয়ারায় ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে শিশুসহ চারজন আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চাতরী ইউনিয়নের কালা বিবির দিঘির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশখালী থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা আনোয়ারার দিকে যাচ্ছিল। কালা বিবির দিঘির মোড় এলাকায় একটি ড্রাম ট্রাক ঘোরানোর সময় সিএনজিচালিত অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং এতে থাকা চারজন আহত হন।
আহতরা হলেন—ইকন ধর (১৯), টুনটু জলদাস (৩০), কান্তিক ধর (৩৫) ও বিদান ধর (১০)।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চারজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : জামিন পেলেন বিএনপি নেতা নুর মোহাম্মদ, রাতেই বারদীতে আনন্দ মিছিল
সা/


