কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘পরীক্ষাগার ও অগ্নি নিরাপত্তা: প্রতিরোধ, প্রস্তুতি এবং জরুরি প্রতিক্রিয়া’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বটতলায় দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞানকে প্রাত্যহিক জীবনে প্রয়োগ করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে তৈরি হওয়া শিক্ষার্থীরা পরবর্তীতে ট্রেইনার হিসেবে অন্যদের উদ্বুদ্ধ ও প্রশিক্ষিত করবে—এটাই আমাদের প্রত্যাশা। তিনি বলেন, যেকোনো দুর্ঘটনা ঘটলে প্রশিক্ষণপ্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্যরা প্রাথমিক উদ্ধারকাজ পরিচালনা করলেও বাংলাদেশে সাধারণ মানুষও দ্রুত এগিয়ে আসেন। তবে সঠিক প্রশিক্ষণের অভাবে তাঁদের আন্তরিকতা থাকা সত্ত্বেও উদ্ধারকাজের সাফল্য শতভাগ হয় না। তিনি আরো বলেন, রাস্তার অপ্রশস্ততা ও যানজটের মতো বাস্তব সমস্যার কারণেও যথাসময়ে উদ্ধারকাজে বিড়ম্বনা তৈরি হয়। তাই এ ধরনের প্রশিক্ষণ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে অর্জিত জ্ঞানকে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে বক্তব্য ও প্রশিক্ষণ দেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. আহসানুল হক। এসময় শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণাগারে ব্যবহৃত কেমিক্যাল, রিএজেন্টসহ রাসায়নিক পদার্থের নিরাপদ ব্যবহারবিধি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের বটতলায় আগুনে পুড়ে আহত ব্যক্তিকে উদ্ধার, গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে করণীয়, অগ্নিনির্বাপক যন্ত্রের ব্যবহার এবং ভেজা বস্তা দিয়ে আগুন নিয়ন্ত্রণের কৌশল হাতে-কলমে শেখানো হয়।
ইবি সাইন্স ক্লাবের সভাপতি জুনায়েদ মোস্তফার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সাইন্স ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. শাহজাহান আলী এবং কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক ওয়াদুদ হোসাইন। দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পড়ুন:কালিয়াকৈরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল
ইমি/


