ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শোয়ায়েব (৩১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর। একই অভিযানে সাভারের রাজাশন এলাকা থেকে আরও পাঁচজনকে ১৭১ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে পৃথক অভিযান পরিচালনা করে ডিবি উত্তর।
ডিবি সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে ধামরাই থানাধীন ঢুলিভিটা এলাকায় অভিযান পরিচালনা করেন এসআই মোঃ শাহাদাৎ হোসেন ও তার সঙ্গে থাকা ডিবি পুলিশের সদস্যরা। এ সময় ধামরাই গোয়ারীপাড়া এলাকার মোঃ আকবর আলীর ছেলে মোঃ শোয়ায়েব (৩১)-কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
অন্যদিকে একই সময়ে সাভার থানাধীন রাজাশন পালোয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে আকরাম হোসেন (২৮), হারুন অর রশিদ (৩৬), ইকবাল হোসেন (৩২), আলাউদ্দিন (৩৪) ও ঐশী আক্তার (২০) নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ১৭১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৫১ হাজার ৩০০ টাকা এবং হেরোইনের মূল্য ১২ হাজার টাকা বলে জানানো হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আকরাম হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা, হারুন অর রশিদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি মামলা এবং ইকবাল হোসেনের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
পড়ুন:একদিকে জ্বালানি, অন্যদিকে বাসভাড়া—বাড়তি খরচে চাপে সাধারণ মানুষ
ইমি/


