চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কোরবান আলী রিফাত (১৭) নামে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত কোরবান আলী রিফাত উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাজলীপাড়া গ্রামের মো. ইউনুসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে জ্বরে আক্রান্ত হয় রিফাত। পরে সোমবার সকালে তাকে বিআইডিআইটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে মঙ্গলবার ভোরে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ১১দিনের ব্যবধানে সীতাকুণ্ডে দুই শিশুসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
একই সঙ্গে অল্প সময়ের ব্যবধানে ডেঙ্গুতে মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
পড়ুন:একদিকে জ্বালানি, অন্যদিকে বাসভাড়া—বাড়তি খরচে চাপে সাধারণ মানুষ
ইমি/


