সরকারি বরাদ্দের সার কালোবাজারে বিক্রি, কৃত্রিম সংকট সৃষ্টি এবং সরকারের কোটি কোটি টাকার আর্থিক ক্ষতি করার অভিযোগে দায়ের করা মামলায় শেরপুরের ১৪ সার ডিলারকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।
২২ শে সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে শুনানি শেষে ১৪ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, শেরপুর সদর উপজেলার ২০ জন সার ডিলার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সরকারি বরাদ্দের প্রায় ১৪ কোটি টাকার সার পাচার, কালোবাজারে বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন শেরপুর সদর উপজেলার সাবেক কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।
মামলায় অভিযুক্ত ১৬ জন ডিলার উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। গত ২১ সেপ্টেম্বর তাদের জামিনের মেয়াদ শেষ হয়। এর পর মঙ্গলবার ১৫ জন ডিলার শেরপুর জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
আদালতে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক একজনের জামিন মঞ্জুর করেন। অপর ১৪ জনের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
শেরপুর জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মান্নান জানান, চাঞ্চল্যকর এ মামলায় অভিযুক্তদের জামিনের মেয়াদ একদিন আগে শেষ হয়। মঙ্গলবার তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক শুনানি শেষে ১৪ জনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
পড়ুন : আঙিনায় খেলছিল ওনিয়, কিছুক্ষণ পরই পুকুরে মিলল নিথর দেহ


