গাজীপুর মহানগরীর সদর থানাধীন ধীরাশ্রম এলাকায় ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহতের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও ২ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টার দিকে ধীরাশ্রম বাজারের সামনে, জি কে আদর্শ উচ্চ বিদ্যালয় গেট সংলগ্ন পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জয়দেবপুরগামী একটি ট্রাকের (ঢাকা মেট্রো-ড ১২-২৯৫৭) সঙ্গে অপর দিক থেকে আসা ধীরাশ্রমগামী একটি ইজিবাইকের সামনাসামনি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যাওয়ায় ঘটনাস্থলেই ৩ যাত্রী মারা যান! এসময় আহত হন আরও দুইজন।
দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এছাড়া নিহত তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য একই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার সময় এলাকায় ডিউটিতে থাকা এএসআই মোঃ আজাদ পারভেজ জানান, দুর্ঘটনার পরেই ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক শহীদ আলী সরমানকে (৩২) আটক করা হয়েছে। আটক চালক বরিশাল জেলার বিমানবন্দর থানার, মধ্যম পাংশা গ্রামের মৃত শাহাদ আলী সরমানের ছেলে।
সদর থানা পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন:জামালপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় ২ জনের যাবজ্জীবন, ২ জনের ১০ বছর
ইমি/


