জয়পুরহাটের আক্কেলপুরে গোসলে গিয়ে নিখোঁজ বেলি বিবি (৫৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার আবাদপুর নন্দাহার খালের স্লুইসগেট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত বেলি বিবি আবাদপুর পূর্বপাড়া গ্রামের বাচ্চু সরদারের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে নন্দাহার খালে গোসল করতে গিয়ে তিনি নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি; তবে খালের পাড়ে তার জুতা, কাপড় ও সাবান পড়ে ছিল। শুক্রবার ভোরে বিপ্লব নামের এক যুবক খালে মাছ ধরতে গিয়ে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
নিহতের স্বামী বাচ্চু সরদার জানান, তার স্ত্রী ছেলের বাড়িতে থাকতেন। ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না, মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
অন্যদিকে, নিহতের ভাগনে হেলাল খান জানান, বেলি বিবি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরিবারের ধারণা, গোসলের সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি পানিতে তলিয়ে যান।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ জানান, খবর পেয়ে দ্রুত মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পড়ুন : সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা সমন্বয়ে জরুরি সামরিক বৈঠক
সা/


