ঢাকার সাভারে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুবায়ের আহম্মেদ সবুজ (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটের দিকে সাভার মডেল থানাধীন উলাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে এসআই মাসুদ আল মামুনসহ ডিবির একটি দল অংশ নেয়।
এ সময় উলাইল এলাকা থেকে জুবায়ের আহম্মেদ সবুজকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার ওজন প্রায় ১০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার জুবায়ের সাভার মডেল থানার বাড়ইগ্রাম, পশ্চিম ব্যাংকটাউন এলাকার বাসিন্দা। তিনি ফজলুল হক ও পারভীন আক্তারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।
পড়ুন : সরকারি ভাড়ার হিসাব একদিকে, পরিবহনে চলছে অন্য হিসাব
সা/


