নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন , যারা শেখ হাসিনা আসবেন বলে দেশে নৈরাজ্য করার পায়তারা করছেন, তারা চরম ভুল করছেন। আর একটিও সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা করা হলে তা সহ্য করা হবে না। তাদের জন্য থাকবে জিরো টলারেন্স।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আড়াইহাজার উপজেলার শহীদ মঞ্জুর আহমেদ স্টেডিয়ামে আয়োজিত দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি নৈরাজ্য সৃষ্টিকারীদের সতর্ক করে দিয়ে বলেন, আপনারা সাবধান হয়ে যান। এদেশের সাধারণ মানুষকে শান্তিতে বাঁচতে দিন এবং স্বাধীনভাবে চলাফেরা করতে দিন।
বর্তমান সরকারের প্রশংসা করে তিনি আরও যুক্ত করেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একজন অত্যন্ত মানবিক প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তিনি তাঁর উন্নয়ন ও কল্যাণমূলক কার্যাবলীর মাধ্যমে সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন।
এমপি আজাদ বলেন, নারায়ণগঞ্জের বিভিন্ন জঙ্গলের রাস্তায় বা অন্যান্য উপজেলায় লুকিয়ে লুকিয়ে হাতে গোনা কয়েকজন লোক নিয়ে মিছিল করেন হিম্মত থাকলে আড়াইহাজারে তা করে দেখান। পুরো আড়াইহাজারবাসীকে সাথে নিয়ে আওয়ামী লীগের এসব প্রেতাত্মাদের যেকোনো মূল্যে প্রতিহত করা হবে।
প্রতিবাদ সভায় স্থানীয় সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
পড়ুন : বিশ্ব নদী দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌ র্যালি


