কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তাদের গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে।
জমির দখল-বেদখলকে কেন্দ্র করে নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুরের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মো. মাহিদুল ইসলাম।
নিউ গিনি প্রপার্টিজে ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মাহিদুল ইসলাম বলেন, গতকাল রাতে একদল লোক দলবদ্ধভাবে এসে সেখানে ভাঙচুর চালায়। খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পরিদর্শক (তদন্ত), পরিদর্শক (অপারেশন) ও অন্যান্য পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাতে অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশের আরও কয়েকটি টিম কাজ করছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রাজধানী লুট ও দখলের শহরে পরিণত হয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা বলেন, ‘এখানকার যে ঘটনা, আমি এই ঘটনাটায় আমাদের পুরো টিম নিয়ে পরিদর্শনে এসেছি, তদন্ত করেছি। আমরা প্রতিটি ঘটনা ঘটলেই সেটা ইমিডিয়েটলি সেটা ডিটেকশন করেছি।’
হামলাকারীদের পরিচয় জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি এখনো তদন্তাধীন। দলবদ্ধভাবে লোকজন আসায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের একজনের নাম মামুন। তার বাড়ি গফরগাঁও এবং তিনি ভাসানটেক বস্তিতে থাকেন। আরেকজন আসলাম, তার বাড়ি টাঙ্গাইল এবং তিনি অটোরিকশা চালান। তৃতীয়জন মুন্না, তিনিও ভাসানটেক বস্তিতে থাকেন।
হামলার কারণ সম্পর্কে জানতে চাইলে মাহিদুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে আরও তথ্য পাওয়ার পর বিষয়টি সুস্পষ্টভাবে বলা সম্ভব হবে।
গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে কী তথ্য পাওয়া গেছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয়েছে যেটা, এটা হচ্ছে একটা হাউজিং বিজনেস এবং এখানে এতগুলো লোক একসঙ্গে আসা, দলবদ্ধভাবে এসেছে এবং রাতের বেলা। সে কারণে হয়তো জমিকে কেন্দ্র করে, জমির দখল-বেদখলকে কেন্দ্র করে বিবাদ থাকতে পারে। এটি যেহেতু ইনভেস্টিগেশনে আছে, আইনগত প্রক্রিয়া আমাদের গ্রহণ প্রক্রিয়াধীন। আমরা আন্ডার ইনভেস্টিগেশনে আছি, ইনভেস্টিগেশনটা আমরা শেষ হলেই জানতে পারব।’
বিবাদটি কার সঙ্গে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সুস্পষ্টভাবে সেটা এখনই বলতে পারছি না।’
সালমান মুক্তাদিরের কাছে চাঁদা দাবি করা হয়েছিল কি না জানতে চাইলে পুলিশ কর্মকর্তা বলেন, ‘এ ধরনের কোনো তথ্য আমাদের কাছে এই মুহূর্তে নেই, কোনো চাঁদা বা কোনোকিছুর নিয়ে। আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে, এটা জমি বিরোধকে কেন্দ্র করে বিবাদমান গ্রুপের মধ্যে হয়তো হতে পারে। আমরা প্রপার ইনভেস্টিগেশন করলেই জানতে পারব।’
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিউগিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে একদল ব্যক্তি হামলা চালায়। তারা স্টুডিওতে ঢুকে বিভিন্ন মালামাল ভাঙচুর ও তছনছ করে। এ সময় সিসি ক্যামেরাসহ বিভিন্ন যন্ত্রপাতি, মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, হামলাকারীরা স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও মালামাল নিয়ে যাওয়ার পাশাপাশি ব্যাপক ভাঙচুর চালায়।
ক্যান্টনমেন্ট থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, জায়গা দখলকে কেন্দ্র করে ইসিবি চত্বরে একটি অফিসে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দুইজনকে ছোরাসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে সালমান মুক্তাদিরের অভিযোগ, বিএনপির লোকজন তার কাছে চাঁদা দাবি করেছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর প্রতিশোধ হিসেবে তার স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর ও লুটপাটের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে সালমানকে ঘটনার বর্ণনা দিতে দেখা যায়।
ভিডিওর ক্যাপশনে জামায়াত আমির লিখেন, গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের বাসা ও স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তিনি চাঁদাবাজদের উদ্দেশে বলেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।
শফিকুর রহমান আরও বলেন, কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কী সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।
এদিকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর কারণে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে উল্লেখ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি এ প্রতিবাদ জানান।
বার্তায় তিনি বলেন, রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের নিজস্ব স্টুডিওতে একদল ব্যক্তি অনাধিকার প্রবেশ করে হামলা চালায়। সিসিটিভি ক্যামেরাসহ স্টুডিওর বিভিন্ন দামি যন্ত্রাংশ ও মূল্যবান জিনিসপত্র লুট করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ লেখেন, দেশে কি কোনো সরকার আছে? চাঁদা না দেওয়ায় ইসিবিতে সালমান মুক্তাদিরের মতো একজন পরিচিত নাগরিকের স্টুডিওতে হামলা চালিয়ে তা তছনছ করেছে সন্ত্রাসীরা।
তিনি আরও বলেন, এই ঘটনার পর সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বন্ধ এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সামাজিক মাধ্যমে এনসিপির শীর্ষ নেতৃত্ব ও সাধারণ মানুষ সোচ্চার হয়েছেন।
পড়ুন : চাঁদা না দেওয়ায় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-লুটপাট
সা/


