নারায়ণগঞ্জের বন্দরে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকা, স্বর্ণ-রুপার অলংকার ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লিখিত ব্রিফিং প্রকাশ করেছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের লিখিত ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৫ সেপ্টেম্বর দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে বন্দর থানাধীন সোনাচড়া ঢাকেশ্বরী বাজারের একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ৭-৮ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে উপস্থিত ব্যক্তিদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা স্বর্ণালংকার, রুপার গহনা, নগদ টাকা ও মোবাইল ফোনসহ আনুমানিক ২৬ লাখ ৪৩ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনাটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয় এবং পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে বন্দর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম তদন্ত ও অভিযান শুরু করে।
এর ধারাবাহিকতায় ২৭ সেপ্টেম্বর রাত ২টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে তিনজন ডাকাতির ঘটনায় সরাসরি অংশ নেয় এবং দুজন দোকানের বাইরে অবস্থান করেছিল।
গ্রেপ্তাররা হলেন—সোনাচড়া এলাকার আনোয়ার হোসেন ওরফে আলী হোসেন (৩২), ঢাকেশ্বরী এলাকার মো. মিজান (২৬), উত্তর লক্ষণখোলা এলাকার মো. অনিক (২২), মুন্সিগঞ্জ সদর উপজেলার শোলারচর এলাকার সুমন বেপারী (৩৮) এবং সোনাচড়া ২৬ নম্বর ওয়ার্ডের রাজু আহমেদ (২৪)।
অভিযানে তাদের কাছ থেকে ১৩ হাজার ৭০০ টাকা, ১২ ভরি রুপার অলংকার, স্বর্ণ ও রুপার প্রলেপ দেওয়া দুটি রুলি (চুড়ি) এবং একটি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে।
এছাড়া ডাকাতির সময় ব্যবহৃত ১৮ ইঞ্চি লম্বা একটি ছুরি, ১২ ইঞ্চি লম্বা একটি ছুরি ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। সিসিটিভি ফুটেজের সঙ্গে মিলিয়ে ডাকাতদের পরনে থাকা শার্ট, গেঞ্জি ও প্যান্টও উদ্ধার করেছে পুলিশ।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে বন্দর থানা পুলিশ ও গোয়েন্দা টিমের অভিযান অব্যাহত রয়েছে।
পড়ুন:দিনাজপুরের ঐতিহ্যবাহাী সাংস্কৃতিক প্রতিষ্ঠাননবরূপীর মাসিক স্রোতার আসর অনুষ্ঠিত
ইমি/


