কর্মজীবী বাবা-মায়ের সন্তানদের নিরাপদ যত্ন, শিক্ষা ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে বরিশাল নগরীতে যাত্রা শুরু করেছে ‘বরিশাল ডে কেয়ার এন্ড প্রি-স্কুল’। এক বছর থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে গড়ে তোলা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়েছে নগরীর নতুন বাজার এলাকার সপ্ত বর্ণ কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায়।
দুপুর ৩টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, বর্তমানে অনেক পরিবারে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন। ফলে কর্মব্যস্ততার কারণে সন্তানদের সঠিকভাবে দেখাশোনা ও লালন-পালন করা তাদের জন্য কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিবারের জন্য বরিশাল ডে কেয়ার এন্ড প্রি-স্কুল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, অনেক পরিবারে মা না থাকায় সন্তানকে একা হাতে লালন-পালন করতে গিয়ে অভিভাবকদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। তাদের জন্যও এই প্রতিষ্ঠানটি আশীর্বাদ হয়ে দাঁড়াবে। তিনি পরিচালক ফারজানা আক্তার মনিকে শিশুদের প্রতি মায়ের মতো স্নেহ, ভালোবাসা ও যত্ন নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।
প্রতিষ্ঠানটির পরিচালক ফারজানা আক্তার মনি জানান, এক বছর বয়স থেকে ১০ বছর বয়সী শিশুদের এখানে ভর্তি করা যাবে। শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো প্রতিষ্ঠানে সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি অভিভাবককে সিসি ক্যামেরার অ্যাক্সেস দেওয়া হবে। ফলে তারা ঘরে বসেই মোবাইল বা অন্য ডিভাইসের মাধ্যমে সন্তানের লাইভ ভিডিও ফুটেজ দেখতে পারবেন।
তিনি আরও জানান, শুধু শিশুদের দেখাশোনাই নয়, তাদের শারীরিক ও মানসিক বিকাশের বিষয়টিও গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য রয়েছে শিশুদের খেলাধুলা ও শারীরিক চর্চার জন্য প্লে-জোন, পাশাপাশি পড়াশোনার জন্য কোচিং ও প্রি-স্কুলের ব্যবস্থা। নিরাপদ পরিবেশে খেলাধুলা, শিক্ষা ও পরিচর্যার সমন্বয়ে শিশুদের বেড়ে ওঠার সুযোগ তৈরি করাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের একান্ত ব্যক্তিগত সচিব মাসুম হাসান, সহকারী ব্যক্তিগত সচিব সাকলাইন মোস্তাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
আয়োজকরা জানান, কর্মজীবী অভিভাবকদের ব্যস্ততার সময়ে শিশুদের নিরাপদ পরিবেশে রেখে তাদের শিক্ষা, খেলাধুলা ও মানসিক বিকাশ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বরিশাল নগরীতে আধুনিক সুবিধাসম্পন্ন এ ধরনের ডে কেয়ার সুবিধা শিশু ও অভিভাবক উভয়ের জন্যই নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
পড়ুন : জাফলংয়ে পর্যটন দিবসে ট্যুরিস্ট পুলিশ ও ব্যবসায়ী সমিতির র্যালি


