শারদীয় দুর্গাপূজা ঘিরে জামালপুরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি।
জেলার ২২৭টি মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে থাকবে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে স্থাপন করা হবে সিসিটিভি ক্যামেরা।
আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এসব তথ্য জানানো হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফসানা তাসলিম, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ কুমার সোম রানুসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বক্তব্য দেন।
সভায় জানানো হয়, এবার জামালপুর জেলায় মোট ২২৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করবে বিজিবি।
এদিকে পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দিয়েছে পিডিবি ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
এছাড়া পূজা উদযাপনে সরকারি সহায়তা হিসেবে ৬০০ কেজি চাল বরাদ্দের তথ্যও জানানো হয়।
প্রস্তুতি সভায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে সবার সহযোগিতা কামনা করা হয়।
পড়ুন : কক্সবাজার বিমানবন্দরের নতুন আন্তর্জাতিক টার্মিনালে পরীক্ষামূলক ফ্লাইট শুরু
সা/


