প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে আটক কুষ্টিয়ার দৌলতপুরের স্কুল শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে বাড়িতে পৌঁছে দিয়েছে পুলিশ। বুধবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার প্রাগপুর গ্রামের নিজ বাড়িতে ওই শিক্ষককে পৌঁছে দেয়া হয়।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান। তিনি বলেন এসপি স্যারের নির্দেশে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে তাঁর বাড়িতে পৌঁছে দিয়ে আমরা ফিরছি। ফোর্সসহ আমি ও এসিল্যান্ড সাহেব।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করায় প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটকের খবর প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। পরে রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কুষ্টিয়ার পুলিশ সুপারকে ফোন করে ওই শিক্ষককে বাড়িতে পৌঁছে দেয়ার নির্দেশ দেয়া হয়। এরপর রাতেই দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ সহ পুলিশ সদস্যরা শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে নিয়ে তাঁর বাড়িতে পৌঁছে দেন।
এরআগে, বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর সড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি মঙ্গলবার বেলা ৩টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির বাংলা ক্লাস চলাকালে সম্প্রতি জাতিসংঘে প্রধানমন্ত্রীর দেওয়া বাংলা ভাষণের প্রসঙ্গ ওঠে। এ সময় শিক্ষক গোলাম কিবরিয়া লালন প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য করেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা দাবি করে, ওই সময় শিক্ষক প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে তাদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি নিয়ে ক্লাসে বা শ্রেনীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ দেখা হয়। ক্লাস শেষে শিক্ষার্থীরা বাড়িতে গিয়ে অভিভাবকদের কাছে ঘটনাটি সম্পর্কে জানালে তা এলাকায় ছড়িয়ে পড়ে। পরে বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে কয়েকজন অভিভাবক ও স্থানীয় বাসিন্দা জড়ো হয়ে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পরে শিক্ষক গোলাম কিবরিয়া লালনকে আটক করে থানায় নিয়ে যায়।
এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান মুকুল সরকার জানিয়েছেন, বুধবার সকালে বিদ্যালয়ের সাবেক সভাপতিসহ সংশ্লিষ্টদের নিয়ে ওই শিক্ষককে ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ অভিযোগ অস্বীকার করে শিক্ষক গোলাম কিবরিয়া লালন বলেছেন, “প্রধানমন্ত্রী দীর্ঘদিন দেশের বাইরে থাকার কারণে বাংলা ভাষার উচ্চারণ কিছুটা অস্পষ্ট হয়েছে”।
পড়ুন:হবিগঞ্জে চলছে অনির্দিষ্টকালের ধর্মঘট
ইমি/


