কুষ্টিয়ায় শ্যামলী পরিবহনের একটি বাসের চাপায় পাখি ভ্যানে থাকা নারীসহ ২জন যাত্রী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের আমতলা মাদ্রাসার সামনে (কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে) এ দুর্ঘটনা ঘটে। এই সময় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত ভানুমতি কুষ্টিয়া সদর উপজেলার ভাদালিয়া এলাকার স্বস্তিপুর গ্রামের হাসেম আলীর স্ত্রী এবং ভ্যান চালক কামরুল ইসলাম মিরপুর উপজেলার নওদা আজমপুরের আব্দুল সাত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি পাখিভ্যানে কয়েকজন যাত্রী নিয়ে যাওয়ার সময় ভ্যানের এক্সেল ভেঙে সড়কের ওপর পড়ে গেলে পেছন থেকে আসা মেহেরপুরগামী শ্যামলী পরিবহনের একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী ভানুমতি মারা যান। এ ঘটনায় নিহত ভানুমতির সঙ্গে থাকা তার মেয়ে হাসিনা ও ভ্যান চালক গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে ভ্যানচালক কামরুল ইসলাম মারা যান।
এবিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। তাদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।
পড়ুন : প্রধানমন্ত্রীর নির্দেশে পদত্যাগ করলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
সা/


