বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা ইন্দোনেশিয়ার বালিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে ঠিক কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বালিতে শুটিং চলার সময় হঠাৎ আঘাত পান নুসরাত। শুটিং ফ্লোরেই এ ঘটনা ঘটে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার জন্য আরও কয়েকদিন সেখানে থাকতে হতে পারে এই অভিনেত্রীকে।
এর আগে বালি থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করেছিলেন নুসরাত। ধারণা করা হচ্ছে, টাইগার শ্রফের সঙ্গে একটি সিনেমায় কাজ করবেন তিনি। ওই সিনেমার শুটিং করতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়েছেন কি না, তা অবশ্য এখনো নিশ্চিত নয়।
সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার কথা রয়েছে পশমিনা রোশন, অভিষেক ব্যানার্জি ও এলভিশ যাদবের।
তবে শুটিংয়ের সময় নুসরাতের আহত হওয়ার ঘটনা এবারই প্রথম নয়। ২০১৩ সালে ‘আকেলি’ সিনেমার শুটিং চলাকালে আহত হয়েছিলেন তিনি। সে সময়ও কয়েকদিন বিশ্রামে থাকতে হয়েছিল তাকে।
এরপর ‘ছোরি ২’ সিনেমার শুটিংয়ের সময় মুখে চোট পেয়েছিলেন নুসরাত। ২০২১ সালে ‘লভ রঞ্জন’র শুটিং চলাকালীনও শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আবার কাজে ফিরেছিলেন অভিনেত্রী।
পড়ুন : ছোট-বড় নয়, চরিত্রকে বিশ্বাসযোগ্য করাই গুরুত্বপূর্ণ: সুনেরাহ
সা/


