ঢাকার খিলক্ষেত থেকে নিখোঁজের ১৩ দিন পর মো. হাবিবুল্লাহ নাঈম (১৩) নামের এক স্কুলছাত্রকে কমলাপুর রেলস্টেশনসংলগ্ন একটি হোটেল থেকে উদ্ধার করেছে খিলক্ষেত থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
হাবিবুল্লাহ নাঈম কুর্মিটোলা স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। সে খিলক্ষেতের খাপাড়া এলাকার ক-৮ নম্বরের বাসিন্দা মোহাম্মদ বাবুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার দিকে হাবিবুল্লাহ নিখোঁজ হয়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে ১৮ সেপ্টেম্বর খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি নম্বর ১০৫০।
নিখোঁজের পর থেকেই হাবিবুল্লাহকে উদ্ধারে খিলক্ষেত থানা-পুলিশ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়। পাশাপাশি ডিবি পুলিশের সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হয়। একপর্যায়ে ৩০ সেপ্টেম্বর কমলাপুর রেলস্টেশনসংলগ্ন নিউ সামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে তাকে উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, মায়ের বকুনিতে অভিমান করে হাবিবুল্লাহ বাসা থেকে বেরিয়ে যায়। পরিবারের সদস্যদের অনুপস্থিতির সুযোগে সে নিজের জামাকাপড় একটি ব্যাগে ভরে নেয়। সঙ্গে নেয় মায়ের ব্যবহৃত একটি পুরোনো ও অচল মুঠোফোন।
পরে বিমানবন্দর রেলস্টেশন থেকে ট্রেনে করে কমলাপুর রেলস্টেশনে যায় হাবিবুল্লাহ। সেখানে গিয়ে নিউ সামিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে শ্রমিকের কাজ শুরু করে। উদ্ধারের আগ পর্যন্ত সে ওই হোটেলেই অবস্থান করছিল।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, হাবিবুল্লাহ নিখোঁজ হওয়ার পর থেকেই তাকে উদ্ধারে পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করেছে। সম্ভাব্য বিভিন্ন স্থানে অনুসন্ধান চালানোর পাশাপাশি ডিবি পুলিশের সহযোগিতা নেওয়া হয়। পরে কমলাপুর রেলস্টেশনসংলগ্ন এলাকা থেকে তাকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
ওসি বলেন, ‘শিশু-কিশোরেরা অনেক সময় অভিমান বা আবেগের বশে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই পরিবারের সদস্যদের উচিত সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনা।’
তিনি আরও বলেন, ‘কোনো শিশু নিখোঁজ হলে দেরি না করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো প্রয়োজন। দ্রুত তথ্য পাওয়া গেলে শিশুকে উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হয়।’
উদ্ধারের পর হাবিবুল্লাহ নাঈমকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ ১৩ দিন পর সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে তার পরিবারে।
পড়ুন : প্রয়োজনে সরকার কঠোর হতে বাধ্য হবে: চিফ হুইপ


