নরসিংদীকে শিল্পসমৃদ্ধ জেলা হিসেবে গড়ে ওঠার পেছনে মাধবদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী। তিনি বলেন, মাধবদী থেকেই প্রায় ২০০ বছর আগে শিল্পপ্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল।
শনিবার(৩ অক্টোবর) মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
মনজুর এলাহী বলেন, নরসিংদীর শিল্পসমৃদ্ধ হওয়ার পেছনে সবচেয়ে বড় অবদান মাধবদী এলাকার। ঐতিহ্যবাহী ‘প্রাচ্যের ম্যানচেস্টার’খ্যাত মাধবদী দীর্ঘদিন ধরে ব্যবসা-বাণিজ্য ও শিল্পের সঙ্গে জড়িত। এই এলাকার ঐতিহ্য ধরে রাখতে ব্যবসায়ীদের সংগঠনের নির্বাচনও গুরুত্বপূর্ণ।
মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে, তা অন্য অনেক স্থানীয় নির্বাচনের ক্ষেত্রেও দেখা যায় না। ব্যবসায়ীরা কোনো না কোনোভাবে এ অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। দল-মতনির্বিশেষে ব্যবসায়ীরা নির্বাচনে অংশ নিচ্ছেন এবং নেতৃত্ব নির্বাচিত করছেন।
মনজুর এলাহী আরও বলেন, মাধবদীর ঐতিহ্য ধরে রাখতে দীর্ঘদিন ধরে এ ধরনের নির্বাচন হয়ে আসছে। এবারের নির্বাচনও সুষ্ঠু, নিরপেক্ষ ও অবাধ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এখানে সন্ত্রাস বা চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।
শনিবার সকাল নয়টা থেকে মাধবদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। মাধবদী মার্চেন্ট অ্যাসোসিয়েশনের এবারের নির্বাচনে মোট ভোটার ২ হাজার ৩২ জন। চারটি জোনে মোট ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এর মধ্যে ১ নম্বর জোনে ১ হাজার ৩৪২ জন ভোটারের বিপরীতে প্রার্থী ছিলেন ৩১ জন। ২ নম্বর জোনে ২৯০ ভোটারের বিপরীতে প্রার্থী চারজন, ৩ নম্বর জোনে ৫২ ভোটারের বিপরীতে দুজন এবং ৪ নম্বর জোনে ৩৪৮ ভোটারের বিপরীতে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
চারটি জোনে যথাক্রমে ১১, ২, ১ ও ১ জনসহ মোট ১৫ জন প্রার্থী নির্বাচিত হওয়ার কথা। নির্বাচিত সদস্যদের ভোটে অ্যাসোসিয়েশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।
ভোট গ্রহণের শুরু থেকেই ব্যবসায়ী ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের তৎপরতায় ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রতিবেদন লেখা সন্ধ্যা ৭টা পর্যন্ত ভোট গণনা চলছিল।
পড়ুন : বিএনপির নাম ভাঙিয়ে জায়গা দখলের চেষ্টার অভিযোগ


