ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নতুন সদস্য সংগ্রহের লক্ষ্যে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে সোমবার (৫ অক্টোবর) পৌরশহরের দেবগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় সাড়ে তিনশ শিক্ষার্থীর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গণে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক কুমার চক্রবর্তী। এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
আখাউড়া ব্লাড ফাউন্ডেশনের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ বলেন, শিক্ষার্থীদের নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানানো এবং স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে। মুমূর্ষু রোগীদের স্বেচ্ছায় রক্তদান এবং প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন সংকটে মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের সংগঠনের মূল উদ্দেশ্য।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অলক কুমার চক্রবর্তী বলেন, এ ধরনের উদ্যোগের ফলে শিক্ষার্থীরা নিজেদের রক্তের গ্রুপ জানতে পারছে। একই সঙ্গে ভবিষ্যতে মানবিক কারণে মুমূর্ষু রোগীদের পাশে দাঁড়িয়ে রক্তদানে তারা উৎসাহিত হবে।
পড়ুন : সোহেল মাহমুদ রঞ্জুর মাতৃবিয়োগে বাসায় গিয়ে শোক জানালেন ভিপি অমর


