গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মিছিলটি উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে জৈনা বাজারে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এস এম রফিকুল ইসলাম বাচ্চু। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে আওয়ামী লীগ নানা উসকানি দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি এসব ষড়যন্ত্র রুখে দেবে। দেশের মানুষের জানমাল রক্ষায় ২৪ ঘন্টা সতর্ক থাকবে বিএনপি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ কখনো দেশের ভালো চায় না। দেশ যখন এগিয়ে যায়, তখনই দলটি ষড়যন্ত্র শুরু করে। দেশের ও জনগণের ক্ষতি করাই তাদের লক্ষ্য। এখন তারা পালিয়ে বিদেশে অবস্থান করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।গার্মেন্টস কারখানার শ্রমিকদের বেতন বাড়ানো যৌক্তিক দাবী। তবে গার্সেন্টসে অস্থিরতা সৃষ্টি করতে ফ্যাসিবাদ সেখানে ঢুকে নৈরাজ্য চালাচ্ছে, এর জন্য সকল শ্রমিকদের সতর্ক থাকার আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির আজাদ মণ্ডল, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহবায়ক এডভোকেট আবু জাফর সরকার, আহ্বায়ক কমিটির সদস্য এস এম মাহফুল হাসান হান্নান, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ, সদস্য সচিব শহিদুল ইসলাম বন্দুকশী, যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, এরশাদ সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পড়ুন : রূপগঞ্জে হারিয়েছে নবান্ন উৎসব; ধানের জমি বিলীনের প্রভাব


