ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের পক্ষ থেকে সংস্থাটির নির্বাহী কমিটিতে প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী, এমপি। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
আগামী ৯ অক্টোবর আইপিইউ’র গভর্নিং কাউন্সিলের আনুষ্ঠানিক অনুমোদনের জন্য তাঁর নির্বাচন উপস্থাপিত হওয়ার কথা রয়েছে।এ অর্জনের পরিপ্রেক্ষিতে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ব্যক্তিগত কর্মকর্তা (পিও) দেওয়ান উসামা নিজাম চৌধুরী। তিনি বলেছেন, ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর এই অর্জন বাংলাদেশের সংসদীয় কূটনীতি এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জন্য গর্বের বিষয়।
দেওয়ান উসামা নিজাম চৌধুরী উল্লেখ করেন, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের ৩৭টি সদস্য দেশের সঙ্গে সমন্বয়, বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে তিনি বাংলাদেশের স্বার্থ ও ভাবমূর্তি আরও শক্তিশালী করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে। তাঁর মতে, নির্বাচনী প্রচারণার সময় ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী এশিয়া-প্যাসিফিক গ্রুপের ৩৭টি দেশের সঙ্গে কাজ করার এবং সকল সদস্যের প্রতিনিধিত্ব করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাহী কমিটিতে তাঁর ভূমিকার মধ্য দিয়ে সেই অঙ্গীকার বাস্তবায়নের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী পার্লামেন্টারি বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও আঞ্চলিক স্বার্থকে গুরুত্ব দিয়ে কার্যকর ভূমিকা রাখবেন এবং বাংলাদেশের মর্যাদা ও ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।
আইপিইউ’র নির্বাহী কমিটিতে তাঁর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পথচলার একজন সহকর্মী হিসেবে পাশে থাকতে পারাকে নিজের সৌভাগ্য ও গর্ব বলে উল্লেখ করেন দেওয়ান উসামা নিজাম চৌধুরী। তিনি মহান আল্লাহর কাছে ব্যারিস্টার জহরত আদিব চৌধুরীর নতুন দায়িত্বের সফলতা, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।
পড়ুন : সোহেল মাহমুদ রঞ্জুর মাতৃবিয়োগে বাসায় গিয়ে শোক জানালেন ভিপি অমর


