গাজীপুরের কালিয়াকৈরে চুরির অভিযোগে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম ফখরুল হোসেন এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার চাবাগান এলাকার আবুল হাশেমের ছেলে মোহাম্মদ হান্নান ও আবুল হোসেনের ছেলে সানোয়ার হোসেন।
পুলিশ ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার রাতে স্থানীয় একটি বাজারে চুরির সময় তাদের আটক করেন স্থানীয়রা। পরে গণপিটুনি দিয়ে তাদের পুলিশে সোপর্দ করা হয়।
সোমবার বিকেলে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালত দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, চুরির অভিযোগে আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পরে তাদের জেলহাজতে পাঠানো হয়।
পড়ুন : সীতাকুণ্ডে মাদকবিরোধী র্যালি, অংশ নিলেন শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা


