নোট অব ডিসেন্টসহ যেভাবে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, ঠিক সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৬ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমরা বলেছি, জুলাই জাতীয় সনদ প্রণয়নকালে অংশগ্রহণকারী সব রাজনৈতিক দল এবং শক্তি যেভাবে ঐক্যমত হয়েছে, সেভাবে ব্যবস্থা গ্রহণ করব।’
জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদ জানান, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় এমন পরিবর্তন আনা হবে, যাতে ভবিষ্যতে এই ব্যবস্থা সংশোধন বা পরিবর্তনের প্রয়োজন হলে তা অবশ্যই জনগণের কাছে, অর্থাৎ গণভোটে নিতে হয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান পদে রাষ্ট্রপতি থাকবেন না—এ নীতিতে বিএনপি অটল রয়েছে বলেও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া পরবর্তী সংসদে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। তবে ভবিষ্যতে যেন সহজে এই ব্যবস্থা বাতিল বা পরিবর্তন করা না যায়, সে জন্য সংবিধানে গণভোটের শর্ত যুক্ত করা হবে।
জুলাই যোদ্ধাদের দাবির প্রসঙ্গে তিনি বলেন, তারা আইনি ও সাংবিধানিক স্বীকৃতি চেয়েছেন। বিশেষ করে জুলাই ঘোষণাপত্র সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা, পাশাপাশি দায়মুক্তি ও সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, এ বিষয়ে সরকার আন্তরিক। সংবিধানের তফসিলে সুনির্দিষ্ট জায়গায় জুলাই যোদ্ধাদের সুরক্ষা ও দায়মুক্তির বিষয় যুক্ত করার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
স্বাক্ষরিত ‘জুলাই সনদ’-এর পূর্ণাঙ্গ বাস্তবায়নে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাস্তবায়ন প্রক্রিয়ায় কোনো বিষয় বাদ পড়ছে কি না, তা যাচাই করতেই বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা করা হচ্ছে। একই সঙ্গে জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে সরকার অত্যন্ত আন্তরিক বলেও আশ্বাস দেন তিনি।
সংবিধান সংশোধনের বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, মৌলিক জায়গায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হবে। তবে সংবিধান সংশোধনের প্রক্রিয়া চূড়ান্তভাবে সংসদেই সম্পন্ন হবে। রাজপথে লংমার্চকে তিনি গণতান্ত্রিক অধিকার হিসেবেও উল্লেখ করেন।
এদিকে পুলিশের নতুন মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদরদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক (এআইজি) কামারুম মুনিরা। অন্যদিকে পুলিশের সাবেক এআইজি (মিডিয়া) এএইচ এম শাহাদাত হোসেনকে পুলিশ সদরদপ্তরের এআইজি (আইসিটি) শাখায় বদলি করা হয়েছে।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদপ্তর এ তথ্য জানিয়েছে।
কামারুম মুনিরা ২৮তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। কর্মজীবনে মাঠপর্যায়ে পুলিশিংয়ের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন তিনি।
পরবর্তীতে সিআইডি থেকে তাকে পুলিশ সদরদপ্তরে বদলি ও পদায়ন করা হয়। সেখানে বিভিন্ন সময়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস শাখার ভারপ্রাপ্ত এআইজি এবং ট্রাফিক ম্যানেজমেন্ট শাখার এআইজি হিসেবে দায়িত্ব পালন করেন কামারুম মুনিরা।
পেশাগত দায়িত্বের পাশাপাশি বিসিএস পুলিশ ক্যাডারের সাংগঠনিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন তিনি। ২০২৫ সালের জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে ২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন নির্বাহী কমিটি গঠনের জন্য গঠিত নির্বাচন কমিশনের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন কামারুম মুনিরা।
পড়ুন : পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন বেলজিয়ামের ফ্রান্সিস হালজেন
সা/


