একদিকে হাইকোর্টের জামিন, অন্যদিকে নিম্ন আদালতে গিয়ে নতুন ধাক্কা—বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলায় নূর মোহাম্মদের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন মহানগর ম্যাজিস্ট্রেট আদালত।
কোতোয়ালী থানার একটি মামলায় উচ্চ আদালত থেকে নূর মোহাম্মদ আগাম জামিন পেয়েছিলেন। সেই জামিনের ভিত্তিতে নিম্ন আদালতে জামিন নিতে গেলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করে।
শুনানি শেষে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেন। এরপর তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মফিজুল হক ভূঁইয়া আদালতে জামিনের বিরোধিতা করে বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত মামলার আসামি নূর মোহাম্মদ আইনের সুযোগ ব্যবহার করে জামিনে থাকার চেষ্টা করছিলেন। রাষ্ট্রপক্ষের আপত্তির পর আদালত জামিন না মঞ্জুর করেন।
নূর মোহাম্মদকে নিয়ে শুধু মামলাই নয়, আবাসন ব্যবসা ঘিরেও রয়েছে নানা অভিযোগ।
চট্টগ্রামের আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার একটি আবাসন প্রকল্পে ফ্ল্যাট পাওয়ার আশায় বছরের পর বছর অপেক্ষা করেছেন জমির মালিকরা—এমন অভিযোগ করেছেন সংশ্লিষ্ট কয়েকজন।
ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিশ্রুত সময় পেরিয়ে গেলেও ফ্ল্যাট বুঝিয়ে দেওয়া হয়নি। এর সঙ্গে রয়েছে চুক্তিভঙ্গ, দীর্ঘ বিলম্ব, অসম্পূর্ণ ভবন হস্তান্তর, মালিকানা-সংক্রান্ত কাগজপত্র আটকে রাখা এবং অর্থ আদায়ের অভিযোগ।
আরও গুরুতর অভিযোগ হলো, কয়েকজন মালিককে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে এবং আদালতের কোনো আদেশ ছাড়াই তাদের ফ্ল্যাটে তালা ঝুলিয়ে নিজেদের সম্পত্তি ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, আবাসন প্রকল্পের বিভিন্ন অনিয়ম নিয়ে প্রশ্ন তুললে উল্টো তাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। এ কারণে নূর মোহাম্মদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানির অভিযোগও তুলেছেন তারা।
এ ছাড়া আবাসন ব্যবসায়ীদের সংগঠনে রিহ্যাবের নেতৃত্বে থাকায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগও করেছেন কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি।
রাজনৈতিক অঙ্গনেও নূর মোহাম্মদের পরিচিতি রয়েছে। তিনি চট্টগ্রামের সাবেক সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভীর অনুসারী হিসেবে পরিচিত। তবে ভোল পাল্টিয়ে তিনি আগের মত দাপট নিয়ে চলাফেরা করতেন। গত মঙ্গলবার তার করা মামলায় একজন অসুস্থ রোগীকে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবার। শুধু তাই নয় আদালত প্রাঙ্গনে লোকজন এনে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছিল নুর মোহামদ।
পড়ুন : আসিয়ানের খাদ্যবাজারে বাংলাদেশের বড় সম্ভাবনা, বাধা শুল্ক ও সনদ
সা/


