হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ১৩০ বোতল ভারতীয় মদ ও ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৮২ কেজি বাংলাদেশি রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্তের কাদালংকা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদ জব্দ করে ৫৫ বিজিবির সাতছড়ি বিওপির টহলদল। সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বনের মধ্যে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি বস্তায় তল্লাশি চালিয়ে কার্টনে রাখা ১৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
এর আগে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টার দিকে কাকমারাছড়া সীমান্তবর্তী একটি রাবার বাগানে অভিযান চালায় কাকমারাছড়া বিওপির টহলদল। এ সময় ভারতে পাচারের উদ্দেশ্যে লুকিয়ে রাখা ৮২ কেজি বাংলাদেশি রসুন জব্দ করা হয়।
৫৫ বিজিবি জানায়, জব্দ করা ভারতীয় মদ ও রসুন বিধি অনুযায়ী সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সীমান্ত নিরাপত্তা রক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ৫৫ বিজিবি।
পড়ুন : দুর্নীতির দায়ে দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত


