ঢাকার ধামরাইয়ে একেএইচ ইকো অ্যাপারেলস লিমিটেডের শ্রমিকবাহী বাস ও একটি কাভার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবু বক্কর সিদ্দিক নামে কাভার ভ্যানের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার শ্রীরামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক নেত্রকোনা সদর উপজেলার বদনী গ্রামের নুর আলমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য, সকালে একেএইচ ইকো অ্যাপারেলসের শ্রমিকবাহী বাসটি ঢাকা অভিমুখে কালামপুরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আরিচার দিকে যাওয়া একটি মালবাহী কাভার ভ্যানের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে কাভার ভ্যানটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই এর চালক আবু বক্কর সিদ্দিক মারা যান।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, একেএইচ ইকোর শ্রমিক পরিবহনের বাসগুলো বেপরোয়া গতিতে চলাচল করে। এতে মহাসড়কে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বলেও দাবি তাদের। একই সঙ্গে শ্রমিকবাহী বাসগুলোর গতি নিয়ন্ত্রণ এবং চালকদের সতর্কভাবে গাড়ি চালানো নিশ্চিত করতে কর্তৃপক্ষ কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
দুর্ঘটনার বিষয়ে একেএইচ ইকোর যানবাহন বিভাগের দায়িত্বপ্রাপ্ত জাকির হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত না থাকার কথা জানান। তিনি বলেন, ঘটনাস্থলে ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শী রয়েছেন। তাদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার প্রকৃত কারণ যাচাই করা প্রয়োজন। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে থানার ওসিকে জানিয়েছেন বলেও জানান।
তবে বাসটির গতি, চালকের কোনো গাফিলতি কিংবা দুর্ঘটনার ঘটনায় প্রতিষ্ঠানের দায় রয়েছে কি না এসব বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি। বরং ঘটনাটি তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ বের করার কথা জানান তিনি।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে নিহত একজনকে দেখতে পান। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন বলে তারা জানতে পেরেছেন। তবে আহতদের নাম-পরিচয় বা তাদের বর্তমান অবস্থার বিষয়ে ফায়ার সার্ভিসের কাছে বিস্তারিত তথ্য নেই।
গোলড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) সেলিম মাতুব্বর বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার কারণ এবং একেএইচ ইকোর বাসের চালকের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে দায়িত্বে অবহেলা বা কোনো ধরনের আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন: ১ টাকায় পড়ান ‘এক টাকার মাস্টার’ লুৎফর রহমান, পেলেন প্রধানমন্ত্রীর বিশেষ সম্মাননা
আর/


