সিরাজগঞ্জের রায়গঞ্জে নারিকেল গাছ পরিষ্কার করতে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাপ্পু (২৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার তেলিজানা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত পাপ্পু বগুড়া জেলার শেরপুর উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম এনামুল সরকার। তিনি রায়গঞ্জ উপজেলার তেলিজানা আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে তেলিজানা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে আমিনুল ইসলামের নারিকেল গাছ পরিষ্কার করতে গাছে ওঠেন পাপ্পু। গাছটির পাশেই পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার ছিল। গাছ পরিষ্কারের সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারে সহায়তা করেন।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা জানান, তেলিজানা গ্রামে নারিকেল গাছে কাজ করার সময় এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পড়ুন : পাঁচ দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ল
সা/


