দেশের আটটি বিভাগের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার (৯ অক্টোবর) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত ৮টার মধ্যে দেশের সব বিভাগেই বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
শুক্রবার সকাল ৮টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ পূর্বাভাস জানান।
পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেছেন, ‘আজ শুক্রবার সকাল ৮টার পর থেকে রাত ৮টার মধ্যে দেশের সব বিভাগের ওপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সকাল থেকে দুপুর ৩টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপরে এবং দুপুর ৩টার পর থেকে রাত ৮টার মধ্যে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলারগুলোর ওপরে হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’
কোন বিভাগে কখন বৃষ্টি হতে পারে
ময়মনসিংহ বিভাগ: সকাল ৮টার পর থেকে দুপুর ১২টার মধ্যে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনার বিভিন্ন উপজেলায় হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। বিশেষ করে মেঘালয় পর্বতসংলগ্ন উপজেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
বরিশাল বিভাগ: সকাল ৮টা থেকে ১১টার মধ্যে বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনার বিভিন্ন উপজেলায় বৃষ্টি হতে পারে। ভোলা ও পটুয়াখালীতে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সিলেট বিভাগ: সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে বিভাগের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগ: সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম ও খাগড়াছড়ির বিভিন্ন উপজেলায় হালকা বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে।
খুলনা বিভাগ: সকাল ৮টা থেকে ১১টার মধ্যে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ ছাড়া দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ঢাকা বিভাগ: সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুরের কিছু উপজেলায় অল্প বৃষ্টি হতে পারে। তবে ঢাকা বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।
রংপুর বিভাগ: দুপুর ২টার পর থেকে রাত ৮টার মধ্যে বিভাগের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: বিকেল ৪টার পর থেকে রাত ১০টার মধ্যে বিভাগের সব জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায়ও বৃষ্টির সম্ভাবনা
বাংলাদেশের পাশাপাশি ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার কিছু অঞ্চলেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন মোস্তফা কামাল পলাশ।
পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আজ সকালে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তবে রাজ্যটির দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম।
অন্যদিকে, ত্রিপুরা রাজ্যের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সকাল ১১টার পর থেকে বিকেল ৫টার মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পড়ুন : পাঁচ দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ল
সা/


