কৃষিতে এআইয়ের নতুন সম্ভাবনা, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় থেকে জুড়ীর নয়নের পিএইচডি অর্জন

কৃষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ওপর গবেষণা করে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী মিসিসিপি স্টেট ইউনিভার্সিটি (Mississippi State University) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলার কৃতী সন্তান ড. মিনহাজ উদ্দিন নয়ন। ফসলের ফলনের তথ্য আরও নির্ভুলভাবে নির্ণয় এবং জমির অবস্থানভিত্তিক ফলন বিশ্লেষণে তাঁর গবেষণা বাংলাদেশের প্রযুক্তিনির্ভর কৃষির উন্নয়নে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়টির কৃষি ও জীব প্রকৌশল বিভাগ থেকে তিনি এ ডিগ্রি অর্জন করেন। তাঁর এই সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

ড. মিনহাজ উদ্দিন নয়ন জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত সিরাজ উদ্দিনের ছেলে। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। তাঁর বাবা কানাইঘাটের গাছবাড়ী জামিউল উলূম কামিল মাদ্রাসার বিএসসি শিক্ষক ছিলেন।

বাবার কর্মসূত্রে নয়নের শিক্ষাজীবনের শুরু হয় কানাইঘাটে। তিনি গাছবাড়ী মডার্ণ একাডেমি থেকে মাধ্যমিক এবং গাছবাড়ী আইডিয়াল ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদ থেকে ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ থেকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করে উচ্চশিক্ষা ও গবেষণার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

ফসলের ফলন নির্ভুল করতে এআইয়ের ব্যবহার

ড. মিনহাজ উদ্দিন নয়নের পিএইচডি গবেষণার মূল বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে ফসলের ফলনসংক্রান্ত তথ্যের নির্ভুলতা বাড়ানো। আধুনিক ফসল কাটার যন্ত্র জমির বিভিন্ন স্থানে কী পরিমাণ ফসল উৎপাদিত হচ্ছে, সে সম্পর্কে তথ্য সংগ্রহ করে। তবে বিভিন্ন কারিগরি কারণে এসব তথ্যে ভুল বা অসংগতি দেখা দিতে পারে।

এ সমস্যার সমাধানে গবেষণায় মেশিন লার্নিং ও ডিপ লার্নিং পদ্ধতি ব্যবহার করেছেন তিনি। এসব প্রযুক্তির সাহায্যে ফলনের তথ্যে থাকা ভুল শনাক্ত করা এবং সঠিক ফলনের তথ্যকে জমির নির্দিষ্ট অবস্থানের সঙ্গে সমন্বয় করার পদ্ধতি নিয়ে কাজ করেছেন।

নিজের গবেষণা সম্পর্কে ড. মিনহাজ উদ্দিন নয়ন বলেন, “ফসল কাটার আধুনিক যন্ত্র জমির কোন জায়গায় কত ফলন হয়েছে, সেই তথ্য সংগ্রহ করে। তবে কারিগরি কারণে এসব তথ্যে অনেক সময় ভুল থাকে। আমার গবেষণায় এআইয়ের মেশিন লার্নিং ও ডিপ লার্নিং পদ্ধতি ব্যবহার করে এসব ভুল শনাক্ত করা এবং ফলনের সঠিক তথ্যকে জমির নিখুঁত অবস্থানের সঙ্গে যুক্ত করার কাজ করেছি, যাতে কৃষক জমির প্রকৃত ফলন সম্পর্কে নির্ভুল ধারণা পান।”

কমবে অপচয়, বাড়বে কৃষি ব্যবস্থাপনার দক্ষতা

কৃষিতে এ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে নয়ন বলেন, একই জমির সব জায়গায় সমান ফলন হয় না। জমির কোথায় ফলন কম বা বেশি হচ্ছে, তা নির্ভুলভাবে জানা গেলে কৃষক উৎপাদন কম হওয়ার সম্ভাব্য কারণ চিহ্নিত করতে পারবেন। পাশাপাশি সার, পানি ও অন্যান্য কৃষি উপকরণ ব্যবহারের ক্ষেত্রেও তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে। এতে অপ্রয়োজনীয় খরচ ও অপচয় কমানোর পাশাপাশি উৎপাদনশীলতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

বাংলাদেশে এ ধরনের প্রযুক্তির ব্যবহার এখনো সীমিত হলেও যুক্তরাষ্ট্রের কৃষিতে এর ব্যবহার তুলনামূলকভাবে বেশি বলে জানান তিনি। কৃষিকাজে আধুনিক যন্ত্রপাতি ও প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন দেশেও এ ধরনের পদ্ধতির বিস্তার ঘটছে।

নয়নের মতে, বাংলাদেশে কৃষিতে এ প্রযুক্তির ব্যবহার বাড়ানো গেলে জমির প্রকৃত উৎপাদন পরিস্থিতি সম্পর্কে কৃষক আরও স্পষ্ট ধারণা পাবেন। ফলে জমি ব্যবস্থাপনা, সার ও পানির সঠিক ব্যবহার এবং উৎপাদন পরিকল্পনা আরও কার্যকর করা সম্ভব হবে।

ভবিষ্যৎ পরিকল্পনা কৃষিতে এআইয়ের বিস্তার

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে ড. মিনহাজ উদ্দিন নয়ন বলেন, তাঁর পরবর্তী লক্ষ্য পোস্টডক্টরাল গবেষণায় যুক্ত হয়ে গবেষণার অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করা। এরপর কোনো বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও গবেষণার সঙ্গে যুক্ত হতে চান তিনি।

তিনি বলেন, “ভবিষ্যতে কৃষিতে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবস্থাপনায় এআই কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে আমি দীর্ঘমেয়াদি কাজ করতে চাই। বিশেষ করে, মাঠের তথ্য বিশ্লেষণ করে কৃষকদের ফসল উৎপাদন এবং সার ও পানির সঠিক ব্যবহার নিশ্চিত করার পদ্ধতি তৈরি করাই আমার লক্ষ্য, যাতে গবেষণার ফল সরাসরি কৃষকের বাস্তব প্রয়োজন মেটাতে কাজে আসে।”

জুড়ীর এই কৃতী সন্তানের সাফল্যে তাঁর পরিবার মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছে। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছে পরিবারটি।

বিজ্ঞাপন

পড়ুন : নিখোঁজের দুদিন পর কংস নদের পাড়ে সাবেক সেনাসদস্যের লাশ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন