কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে বিএসএফের চার ভারতীয়কে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। এদের মধ্যে দু’জন পুরুষ ও দু’জন নারী ছিল। আজ রবিবার সকাল ৮টার দিকে উপজেলার ঠোঁটারপাড়া এলাকার সীমান্ত পিলার ১৫৩/৯-এস-এর পাশে এ ঘটনা ঘটে।
আজ রবিবার সকাল ১০টায় কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়কের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ রবিবার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টা দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে প্রতিপক্ষ ১৪৬ ব্যাটালিয়ন বিএসএফ এর উদয় কিষাণ ক্যাম্প কর্তৃক অজ্ঞাত পরিচয়ের ০৪ জন (পুরুষ-০২, মহিলা-০২) ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা পরিলক্ষিত হয়। বিজিবির সতর্ক অবস্থান, তাৎক্ষণিক প্রতিরোধমূলক ব্যবস্থা ও কার্যকর তৎপরতার কারণে বিএসএফ এর উক্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে, বিজিবির দৃঢ় অবস্থানের মুখে আনুমানিক ০৮০০ ঘটিকায় উক্ত ০৪ জন নাগরিক ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হয়। ফলে অবৈধ পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়।
উল্লেখ্য, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে।
পড়ুন : রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় বাংলাদেশিসহ নিহত ১২
সা/


