চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নে নিখোঁজের প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তা গ্রামের প্রতিবেশী আব্দুল আওয়ালের ঘর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হালিমা স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসিরের মেয়ে। তার কপালে আঘাতের চিহ্ন রয়েছে। জমি নিয়ে বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে হালিমা নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে প্রতিবেশী আব্দুল আওয়ালের ঘরে আলমারির ওপর কাপড়ে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, শিশুটির বাবা মোহাম্মদ নাসিরের সঙ্গে প্রতিবেশী আব্দুল আওয়ালের জমি নিয়ে বিরোধ ছিল। ওই বিরোধের জেরে শিশুটিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শিশুটির কপালেও আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানা গেছে।
পড়ুন : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি
সা/


