গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

শিশুর বিয়ে নয়, কন্যাশিশু করবে বিশ্বজয়”—এই প্রতিপাদ্যে মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকালে গাংনী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে গাংনী উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়েশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।
পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরশের আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুল ইসলাম, গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ-উদ-দৌলাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও সামাজিক মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, একটি দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কন্যাশিশুরা যেন পরিবার, সমাজ ও রাষ্ট্রে সমান অধিকার নিয়ে বেড়ে উঠতে পারে, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ কন্যাশিশুর স্বাভাবিক বিকাশ, শিক্ষাজীবন ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। অল্প বয়সে বিয়ের কারণে অনেক মেয়েশিশু শিক্ষা থেকে ঝরে পড়ে এবং নানা ধরনের সামাজিক ও স্বাস্থ্যগত ঝুঁকির মুখে পড়ে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের কার্যকর ভূমিকা পালন করতে হবে।
তারা বলেন, কন্যাশিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে দক্ষ ও আত্মনির্ভরশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে পারলে তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। এজন্য প্রতিটি পরিবারে ছেলে ও মেয়ের মধ্যে বৈষম্য দূর করতে হবে এবং মেয়েশিশুদের নিজেদের স্বপ্ন পূরণের সুযোগ দিতে হবে।
জাতীয় কন্যাশিশু দিবস পালনের মধ্য দিয়ে কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন:আন্দোলনের ২১তম দিনে তালা ভেঙে উপাচার্যের প্রবেশ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন