টাঙ্গাইলে বেড়েই চলছে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৪৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে সোমবার দুপুর পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৯৮৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা জেলা শহরের হাসপাতাল ছাড়াও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের দেয়া তথ্যানুযায়ী, জেলায় জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৮৮ জন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৫৬ জন। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছেন ১২৯ জন রোগী। জেলায় এখন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু হয়। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল মেডিকেল কলেজে ৫ জন, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ৮ জন, মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ১০, নাগরপুরে ৪ জন, দেলদুয়ারে ৫ জন, ঘাটাইলে ৩ জন, মধুপুরে ৫ জন এবং ধনবাড়ীতে ৩ জন ভর্তি হয়।
সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা বলেন, জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়। তবে জুলাই মাস থেকে ডেঙ্গুতে আক্রান্ত সংখ্যা বাড়তে থাকে। জেলায় জুলাই মাসে ১২৩, আগস্টে ৩২৯, সেপ্টেম্বরে ৯৩৩ এবং চলতি মাসে অক্টোবর ১২ তারিখ পর্যন্ত ৫০৫ ডেঙ্গুতে আক্রান্ত হয়। চলতি মাসে আরো রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে।
এ প্রসঙ্গে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. খন্দকার সাদেকুর রহমান জাগো নিউজকে বলেন, বর্তমানে ডেঙ্গুর রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি মানুষের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন এবং জমানো পানি পরিষ্কার রাখতে হবে। যাতে করে ডেঙ্গু বিস্তার করতে না পারে।
তিনি আরো বলেন, আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন। বেশিরভাগ রোগীই চিকিৎসকের পরামর্শ নিয়ে বাসাতেই চিকিৎসা করতে পারেন। আতঙ্কিত হয়ে হাসপাতালের রোগীর পরিমাণ না বাড়ালে যাদের প্রয়োজন তাদের মানসম্মত চিকিৎসা দেয়া যাবে বলে তিনি জানান।
পড়ুন : আফগানিস্তানকে ৪৭৯ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
সা/


