পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই গাছ লাগানোর অভ্যাস ও পরিবেশ সুন্দর করে রাখতে সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই উদ্যোগ।আজকের চারাগাছ সঠিক পরিচর্যার মাধ্যমে বড় করে তুললে পরিবেশ সুরক্ষার পাশাপাশি ফল ও ঔষধি গুণের সুফলসহ অর্থনৈতিক সুবিধা পাবে তরুণ প্রজন্ম।
ময়মনসিংহের ত্রিশালে পরিবেশ সুরক্ষা ও সবুজ প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিনামূল্যে বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাসনাত জাহান খান এসব কথা বলেন।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের হাতে এসব চারাগাছ তুলে দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলামের সভাপতিত্বে ও নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার শাহানা আক্তারসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দের অংশগ্রহণে বিদ্যালয়য়ের শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে চারাগাছ গ্রহণ করে এবং এগুলো যত্ন সহকারে বড় করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
পড়ুন : সিরাজগঞ্জে ইয়াবা-হেরোইন ও নগদ টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার


