নিজ জেলা বরগুনায় সাত দিনের সরকারি সফরে যাবেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। ১৪ থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিনি বরগুনার বামনা, পাথরঘাটা ও বেতাগী উপজেলায় বিভিন্ন সরকারি, উন্নয়নমূলক, সামাজিক ও দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) চিফ হুইপের একান্ত সচিব মো. রিয়াজ উদ্দিনের স্বাক্ষরিত সরকারি সফরসূচি থেকে এ তথ্য জানা গেছে।
সফরসূচি অনুযায়ী, ১৪ অক্টোবর বামনায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নুরুল ইসলাম মনি। ১৫ অক্টোবর বামনা উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন। এদিন শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ, বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন এবং উপজেলা বিএনপির কর্মীসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর ১৬ অক্টোবর পাথরঘাটায় বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপে আর্থিক সহায়তার চেক বিতরণ এবং ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন চিফ হুইপ। ১৭ অক্টোবর বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে উন্নয়ন ও আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। একই দিন বরগুনা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা, কড়ইতলা খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
১৮ অক্টোবর বেতাগীতে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও পরিদর্শন, পূজামণ্ডপে আর্থিক সহায়তা বিতরণ এবং উপজেলা বিএনপির কর্মীসভায় যোগ দেবেন নুরুল ইসলাম মনি।
পরদিন ১৯ অক্টোবর পাথরঘাটায় কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধবিষয়ক পরামর্শ সভায় অংশ নেওয়ার পাশাপাশি খাল খননকাজ পরিদর্শন করবেন তিনি। ২০ অক্টোবর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং জেলে পরিবার ও মৎস্যজীবীদের মধ্যে আর্থিক সহায়তা ও ত্রাণ বিতরণের কর্মসূচি রয়েছে তাঁর।
সাত দিনের সফর শেষে ২১ অক্টোবর বরিশালে জাতীয়তাবাদী জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
পড়ুন : সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়নের আশ্বাস রেলমন্ত্রীর


