খাদ্যের নিরাপত্তা ও মান নিশ্চিতকরণে নিয়োজিত ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজ কার্যালয়ে যাওয়ার পূর্বে প্রধানমন্ত্রীর দপ্তরের নিচে রাখা এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরির ভেতরে প্রবেশ করেন তিনি। সেখানে তিনি খাদ্যদ্রব্যের নমুনা সংগ্রহ ও তা পরীক্ষার বৈজ্ঞানিক ধাপগুলো পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে ল্যাবটির কারিগরি ও প্রযুক্তিগত কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান উপস্থিত সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, দেশব্যাপী ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে খাদ্যের মান পরীক্ষা ও নজরদারি জোরদার করতে এই মোবাইল ল্যাবগুলো ব্যবহৃত হচ্ছে। বর্তমানে দেশের আটটি বিভাগীয় মহানগরে ভ্রাম্যমাণ ল্যাবরেটরির মাধ্যমে খাদ্য পরীক্ষা ও মনিটরিং নিশ্চিত করা হচ্ছে এবং ভবিষ্যতে দেশের ৬৪টি জেলাতেই এ সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এই কার্যক্রমসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) সরাসরি তত্ত্বাবধানে পৃথকভাবে বাস্তবায়িত হচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের অধীনে আরও ৭২টি নতুন মোবাইল ল্যাবরেটরি ভ্যান ক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে।
শুধু পরীক্ষাই নয়, খাদ্য সুরক্ষা বিষয়ে জনগণের মাঝে সচেতনতা বাড়াতেও এই ভ্যানগুলো ভূমিকা রাখছে। ভ্যানগুলোর বাইরের অংশে বড় মনিটর স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে নিরাপদ খাদ্য সম্পর্কিত নানা সচেতনতামূলক ভিডিও ক্লিপ প্রদর্শন করা হয়।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
পড়ুন : এনসিপির নতুন কৌশল কী, ৪ নেতাকে ঘিরে যে নতুন হিসাব
সা/


